সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

প্রচ্ছদ বাংলাদেশ

খবর ৫২ ডেস্ক:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসন্ন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত। তিনি বলেন, সেনারা দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে কখনো ঘটেনি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর তিনি জোর দিয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অন্যান্য সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অপপ্রচার ও পেশাদারিত্ব প্রসঙ্গে

সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কটূক্তির জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ ধরনের মন্তব্য শুনে হতাশ হওয়ার কিছু নেই। যারা এমন করছেন, তারা আমাদের সন্তানের বয়সী এবং ভবিষ্যতে তারা নিজেদের ভুল বুঝতে পারবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় সেই পেশাদারিত্ব দেখাতে হবে এবং কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। তিনি জানান, একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগের তদন্ত চলছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ কোনো সেনাসদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন না।

অপরাধ ও শৃঙ্খলা

একজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন জানিয়ে সেনাপ্রধান বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ট্রায়াল’-এর মাধ্যমে নয়। তিনি বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। তাই অপরাধে জড়ানোর আগেই সবাইকে সতর্ক থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে।

সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে। তারাই দেশের ভবিষ্যৎ। তাই সবাইকে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *