খবর ৫২ ডেস্ক:
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫

ঢাকা: জুলাই হত্যাকাণ্ডের এক সরাসরি আসামির জামিন পাওয়ায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই আসামির জামিন বাতিল করে তাকে দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের খবরে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে শহীদ ইমাম হাসান তাইমকে গুলি করা তৎকালীন সাব-ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান ঢাকার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। এমন একটি ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও গভীর আশঙ্কার বিষয়’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার তাদের প্রশাসন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে নির্মম গণহত্যা চালায়, যেখানে ১৪০০-এর বেশি মানুষ শহীদ এবং সহস্রাধিক আহত হন। অথচ এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখা যায়নি। উপরন্তু, জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন পাওয়া জনমনে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল বিগত ফ্যাসিস্ট আমলের গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার। কিন্তু অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত তা দৃশ্যমান করতে পারেনি, যা জনগণের আকাঙ্ক্ষা ও শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা।
সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়, গুম-খুনসহ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং জামিনপ্রাপ্ত ও সকল পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হোক।
