ফাইনালের আগে স্টুয়ার্ট ব্রডকে নিয়োগ দিলো দক্ষিণ আফ্রিকা

খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদেরই চিরশত্রু শিবিরের স্টুয়ার্ট ব্রডকে খন্ডকালীন কোচ হিসেবে বেছে নিয়েছে প্রোটিয়ারা।

২০২৩ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল আর চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল, গত তিন বছরে তিন বার হৃদয় ভেঙেছে দক্ষিণ আফ্রিকার। সামনে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ১১ই জুন থেকে ১৫ই জুন ইংল্যান্ডের লর্ডসে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল, সেখানে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ই জুন পুরোটা সময় দক্ষিণ আফ্রিকার বোলারদের সঙ্গে কাটাবেন ২৮ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড। ২০২৩-এ অ্যাশেজ দিয়ে ক্যারিয়ারের ইতি টানা এই ইংলিশ পেসারকে কোচের ভূমিকায় সেখানেই দেখা যাবে প্রথমবার। নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারে নিজ দেশে ব্রড বারবারই বিপদে ফেলেছেন অস্ট্রেলিয়া দলকে। এবার সেই অস্ত্রটাই তিনি তুলে দেয়ার চেষ্টা করবেন প্রোটিয়া বোলারদের হাতে। বর্তমানে ক্রিকেট পন্ডিত হিসেবে কাজ করছেন এই সাবেক ইংলিশ পেসার। সরাসরি টেম্বা বাভুমাদের ড্রেসিং রুমে থেকে তাদের কোচ হবেন না ব্রড। তবে লর্ডস আর অস্ট্রেলিয়া দল যে তার খুব চেনা। তাই অজিদের বিপক্ষে সর্বোচ্চ ১৫৩ ও লর্ডসেই দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ টেস্ট উইকেট নেয়া ব্রড দক্ষিণ আফ্রিকাকে সাহায্য করবেন পরামর্শদাতা হিসেবে। একইসঙ্গে তার নামের পাশে ৬০৪ টেস্ট উইকেট তো আছেই। স্বাভাবিকভাবেই ব্রডকে নিতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের জন্য তাই ব্রডের একদিনের পরামর্শই বড় পার্থক্য গড়ে দিতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ফাইনালের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জিম্বাবুয়ের সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সাসেক্সের অ্যারুন্ডাল ক্যাসেল ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র ম্যাচটি গড়াবে আগামীকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *