জিম্বাবুয়ের পর ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজও

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় পর এখনই ভারত ছাড়ার সুযোগ পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থার কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ থাকার কারণে কবে, কখন তারা নিজ দেশে ফিরতে পারবে, তা অনিশ্চিত। একই কারণে প্রথমে ভারত ছাড়ার সূচি পেছাতে হয় জিম্বাবুয়েকে। ‘উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতার কারণে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি’র কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিডব্লিউআই বলে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর আন্তর্জাতিক আকাশসীমায় বিধিনিষেধের কারণে ওয়েস্ট ইন্ডিজের দলের ভারত থেকে যাত্রা বিলম্বিত হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে সামরিক পদক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তা হুমকির কারণে এই বিধিনিষেধগুলি এসেছে, যা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট রুটকে প্রভাবিত করেছে এবং সুরক্ষার কারণে বিমান সংস্থাগুলো নির্ধারিত পরিষেবা সমন্বয় করতে বাধ্য হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বর্তমানে দল ভারতে অবস্থান করছে এবং সবাই নিরাপদ ও সুস্থ আছেন। আমরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি। ভ্রমণসংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থা নিশ্চিত হলে পরবর্তী হালনাগাদকৃত তথ্য জানানো হবে।’

বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। গ্রুপপর্বের পর সুপার এইটে খেলে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। এই একই কারণে ভারত ছাড়তে পারছে না সিকান্দার রাজারাও। তারা আটকে আছেন দিল্লিতে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ধাপে ধাপে নিজ দেশে ফেরার কথা ছিল জিম্বাবুয়ে দলের। সোমবার দলের একাংশের ভারত ছাড়ার কথা ছিল, বাকিরা পরে যেতেন। এমিরেটসের ফ্লাইটে তাদের জন্য দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে যাওয়ার টিকিট রাখা ছিল। জানা গেছে, এখন বিকল্প এয়ারলাইনস ও রুট বিবেচনায় নেয়া হচ্ছে জিম্বাবুয়ের জন্য। তাদের জন্য আগামীকাল পর্যন্ত দিল্লির হোটেলে বুকিং রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *