**জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শেখ হাসিনার ফেরত নিয়ে কোনো আলোচনা হয়নি: তৌহিদ**

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শেখ হাসিনার ফেরত নিয়ে কোনো আলোচনা হয়নি: তৌহিদ

জাতীয় প্রচ্ছদ শিরোনাম

শেখ হাসিনার ভারত থেকে ফেরত নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কোনো আলোচনা হয়নি: তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি। শনিবার (১৫ মার্চ) এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে শতাধিক মামলা রয়েছে। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকার একাধিকবার জানিয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের এ সফরটি বাংলাদেশের সরকার এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, মহাসচিব এ সফরে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে এবং সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, “এ সফরকালে মহাসচিব জানতে পেরেছেন, রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে, নিজস্ব পরিচয় অটুট রাখতে, অধিকার ভোগ করতে ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে কতটা আকাঙ্ক্ষুক।”

রোহিঙ্গা শিবিরে যাওয়ার পর মহাসচিব তাদের আকাঙ্ক্ষার প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীর দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে জোরালো আহ্বান জানান। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ সম্মেলন সফলভাবে আয়োজনের প্রতি তার সমর্থনের আশ্বাস দেন।

জাতিসংঘ মহাসচিবের বৈঠকে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ

এর আগে একই দিনে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ।

তৌহিদ হোসেন বলেন, মহাসচিব বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের “প্রকৃত রূপান্তর” নিশ্চিত করতে চলমান সংস্কার প্রক্রিয়ার জটিলতা উপলব্ধি করেন এবং এর প্রশংসা করেন। একইসঙ্গে, মাননীয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মহাসচিবের সফরের উদ্দেশ্য

তৌহিদ হোসেন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, তার এ সফর ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও বড় কিছু করবে। তার সমর্থনের আশ্বাসটি বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং জনগণের গণতন্ত্রে উত্তরণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

(সংবাদ: khobor52.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *