ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল

জাতীয় রাজনীতি

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারা নিজেরা সেটি ভোগ করতে পারে নাই। সেটা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আজকেও আমরা একটা অপচেষ্টা দেখছি। দীর্ঘ বছরের পর বছর আন্দোলন করতে করতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয় আমরা একটি পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এ দেশের সচেতন ছাত্র-সমাজের ভূমিকাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি। কিন্তু এই লড়াইয়ের অর্জন, বিজয় সারা দেশের সব মানুষের। আপনাদের সবার অবদান এখানে আছে।

তিনি বলেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হক প্রমুখ। এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *