খবর ৫২ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে গত ১৮ আগস্ট সোমবার লন্ডনে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের নেতারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি শতবর্ষের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, যার দেশের সব আন্দোলন ও সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জমিয়তের কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশেও জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে এর দাওয়াত ও কর্মসূচি ছড়িয়ে পড়ছে। তবে এখন দেশের প্রতিটি সেক্টরে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম কোনো নতুন সংগঠন নয়, বরং এটি শত বছরের ত্যাগ ও অবদানে সমৃদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বীকৃত একটি সংগঠন। ইউকে জমিয়ত বাংলাদেশ জমিয়তের শাখা হিসেবে কাজ করছে এবং কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শোয়েব আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ। আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা খালেদ।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় জমিয়ত যে সিদ্ধান্ত নেবে, ইউকে জমিয়তও সেই সিদ্ধান্তের আলোকে কাজ করবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান, কারণ তারা দেশ, জাতি ও মানবতার কল্যাণে গভীর বিবেচনা করে পদক্ষেপ নেন।
বৈঠকে বক্তারা বলেন, তাদের আকাবিরগণ দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এবং তাদের বিশ্বাস, আগামীতে বাংলাদেশ হবে ইসলামের এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাঙ্খিত বাংলাদেশ।
