খবর ৫২ ডেস্ক

এবারের (২০২৫) জিসিএসই পরীক্ষায় লন্ডনের লন্ডন ইস্ট একাডেমির শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে, যা স্কুলের ইতিহাসে এখন পর্যন্ত সেরা সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, স্কুলের শিক্ষার্থীদের শীর্ষ গ্রেড পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বছর ৬২ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও গণিতসহ পাঁচটি বিষয়ে গ্রেড ৫ বা তার বেশি পেয়েছে, যা গত বছরের ৪৭ শতাংশের তুলনায় অনেক বেশি এবং জাতীয় গড় ৫২ শতাংশকেও ছাড়িয়ে গেছে। এছাড়া, ৯৩ শতাংশ শিক্ষার্থী অন্তত পাঁচটি বিষয়ে গ্রেড ৪ বা তার চেয়ে বেশি অর্জন করেছে, যেখানে জাতীয় গড় মাত্র ৬৭ শতাংশ।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ইংরেজি বিভাগের প্রধান মুবারক এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের জন্য গর্বিত। এই অর্জন আমাদের শিক্ষকদের শিক্ষাদান এবং অভিভাবকদের সহযোগিতার প্রতিফলন।” তিনি আরও বলেন, ইংরেজি ভাষা ও সাহিত্যে শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নতি তাকে বিশেষভাবে আনন্দিত করেছে।
আরবি বিভাগের প্রধান শিক্ষক নাসরুল্লাহ শিক্ষার্থীদের সাফল্যের জন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এই ফলাফল তাদের অঙ্গীকার, আমাদের শিক্ষকদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রমাণ।”
শিক্ষার্থীরাও তাদের সাফল্যে উচ্ছ্বসিত। তালহা রহমান তার ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমি আমার ফলাফলে খুশি এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।” স্কুলের হেড বয় রাফসান সিকদার তার সহপাঠীদের সাথে সাফল্য উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান শিক্ষক এনামুল খান শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, “এত শিক্ষার্থীদের তাদের সম্ভাবনা পূরণ করতে এবং একই সাথে তাহফিজ ও ইসলামিক শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
লন্ডন ইস্ট একাডেমি তাদের সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তাদের সিক্সথ ফর্ম, উচ্চশিক্ষা এবং এর পরের জীবনযাত্রায় সাফল্য কামনা করেছে।
