
যুক্তরাজ্যে অবৈধভাবে ফুড ডেলিভারির কাজে নিয়োজিত থাকার অভিযোগে বাংলাদেশিসহ ১৭১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সরকার জানিয়েছে, আটককৃতদের মধ্যে অন্তত ৬০ জনকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম সাত দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও চীনের নাগরিকরা রয়েছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত মাসে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এ সময় দেশটির বিভিন্ন শহর ও মফস্বল এলাকায় ডেলিভারি রাইডারদের থামিয়ে তাদের কাজের অনুমতি ও বৈধ কাগজপত্র যাচাই করা হয়। যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ১৭ নভেম্বর লন্ডনের নিউহাম হাই স্ট্রিট থেকে চারজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ২৫ নভেম্বর নরউইচ সিটি সেন্টার থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়, যাদের দুজনকেও ফেরত পাঠানো হবে।
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “অনুমতি ছাড়া এ দেশে কেউ কাজ করলে তাকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।” তিনি জানান, অবৈধ কাজ বন্ধ করতে ডেলিভারো, জাস্ট ইট ও উবার ইটসের মতো বড় কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে সরকার।
উল্লেখ্য, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। সূত্র: স্কাই নিউজ।
