খবর ৫২ ডেস্ক

ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অভিনীত নতুন ছবি ‘কুলি’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্বব্যাপী এই ছবিটি ৪৩২ কোটি রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে ছবিটি রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ এবং ঋষভ শেঠি পরিচালিত ‘কানতারা’র আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর প্রথম চার দিনেই ‘কুলি’ বিশ্বজুড়ে প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে। তবে পঞ্চম দিন থেকে আয়ের গতি কিছুটা কমেছে। তা সত্ত্বেও, শুধুমাত্র ভারতের বাজারেই ছবিটি ২২২ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে।
‘কুলি’ শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৬ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র সাত দিনে ‘কুলি’র বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি ৪৫০ কোটি রুপি অতিক্রম করবে।
৪৩২ কোটি রুপি আয়ের মাধ্যমে ‘কুলি’ এখন ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ (৪৩১ কোটি) এবং ‘কানতারা’ (৪১৬ কোটি)-কে পেছনে ফেলেছে। এর আগে ছবিটি কমল হাসানের সবচেয়ে হিট সিনেমা ‘বিক্রম’ (৪১৪ কোটি)-কেও ছাড়িয়ে গিয়েছিল। এখন এর সামনে রয়েছে বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, যার বৈশ্বিক আয় প্রায় ৪৫০ কোটি রুপি।
লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’ ছবিতে রজনীকান্ত একজন অবসরপ্রাপ্ত কুলির চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার এক বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে গিয়ে এক গ্যাংস্টারের জটিল জগতে জড়িয়ে পড়েন। ছবিটিতে আরও অভিনয় করেছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির, উপেন্দ্র এবং সত্যরাজ। ছবিতে বিশেষ চরিত্রে বলিউডের সুপারস্টার আমির খানকেও দেখা গেছে।
