তিন তারকার মা পাচ্ছেন সম্মাননা

বিনোদন

বিশ্ব মা দিবস আজ। এ উপলক্ষে শোবিজের তিন তারকার মা’সহ এ বছর ১২ মাকে ‘গরবিনী মা’ সম্মাননা জানাতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্ব মা দিবসে তারা ১১ বছর ধরে ‘গরবিনী মা’ সম্মাননা দিয়ে আসছে। এ বছর এই সম্মাননা প্রদানের এক যুগ পূর্তি। আর সে কারণে এবার বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ সন্তানের মাকে সম্মাননা প্রদান করা হবে। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘গরবিনী মা সম্মাননা ২০২৫’-এ এ বছর সম্মানিত হচ্ছেন বিনোদন অঙ্গনের তিন গুণী সন্তানের মা। অভিনয় থেকে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা প্রদান করা হবে। ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে আজ বিকালে এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা এবং বিশেষ ক্ষেত্রের অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সভাপতি প্রীতি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *