‘আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা’

খেলা

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারাল বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে। 

দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

গতকাল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় ১৮৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ সিরিজ হারে ৯৯ রানে।

সিরিজের শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণেই হেরেছে বাংলাদেশ।  এব্যাপারে বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’

ক্রিকেট বোর্ডের এই পরিচালক আরও বলেন, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’

আকরাম আরও বলেছেন, ‘কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে…এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’

ব্যাটসম্যানদের নিয়ে হতাশা প্রকাশ করে আকরাম বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *