রোহিত-সূর্যর ঝড়ে চেন্নাইকে ৩ বছর পর হারাল মুম্বাই

খেলা

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়টা যেন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সোনার হরিণই বনে গিয়েছিল। ২০২২ সালের পর থেকে আর হারাতেই পারছিল না মহেন্দ্র সিং ধোনির দলকে। অবশেষে রোববার সে খরা কাটিয়েছে রোহিত শর্মার দল। ৯ উইকেটে হারিয়েছে চেন্নাইকে।

তাতে বড় অবদান ছিল রোহিতের। ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। সূর্যকুমার যাদবও কি কম গিয়েছেন? ৩০ বলে ৬৮ রানের ইনিংস খেলে তিনি দলকে এনে দিয়েছেন বড় জয়। ১৭৭ রান মুম্বাই তাড়া করে ফেলে ১৫.৪ ওভারেই। 

শুরুতে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের হয়ে ফিফটি করেন শিবম দুবে আর রবীন্দ্র জাদেজা। ১৭ বছর বয়সী অভিষিক্ত ব্যাটার আয়ুষ মাত্রেও নজর কেড়ে নেন। আয়ুষ ১৫ বলে ৩২ রান করেন। চারটি চার আর দুটি ছয় মারেন তিনি। 

মুম্বাই শুরু থেকে চেন্নাইকে চাপে রেখেছিল। ১৩তম ওভারে তাদের রান ছিল ৯২/৩। এরপর দুবে আক্রমণে যান। হার্দিক পান্ডিয়াকে ছয় মারেন। এরপর ট্রেন্ট বোল্টকেও একটি করে চার আর ছয় মারেন। ১৬তম ওভারে আশ্বিনী কুমারের এক ওভারে দুবে আর জাদেজা মিলে তিনটি ছয় আর একটি চার মারেন। তারা চতুর্থ উইকেটে ৭৯ রান যোগ করেন। শেষ পর্যন্ত চেন্নাই ৫ উইকেট খুইয়ে ১৭৬ রান করে।

জবাবে মুম্বাই শুরু থেকেই আগ্রাসী হয় চেন্নাইয়ের বোলারদের ওপর। ৬.৪ ওভারেই ওপেনিং জুটিতে উঠে আসে ৬৩ রান। রবীন্দ্র জাদেজার শিকার হয়ে রায়ান রিকেলটন ফিরলে এরপর উইকেটে আসেন সূর্যকুমার। রোহিত আর সূর্য মিলে দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১১৪ রানের অপরাজিত জুটি গড়েন। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের।

মুম্বাই টানা তিন ম্যাচ জিতলো। এই জয়ে তাদের নেট রান রেট ইতিবাচক হয়েছে। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের ছয়ে। অন্যদিকে চেন্নাই আট ম্যাচে ছয় হেরে টেবিলের দশে, মাত্র চার পয়েন্ট নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *