হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

খেলা

লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। বাংলাদেশ সে লক্ষ্যটা পূরণ করেছে। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। 

টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তাঁর সঙ্গে ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের তিন বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কা মেরে ১৯ রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে।

সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন। এরপর ১৬তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৮, যেখানে পেছনে পড়ে যান মাহমুদউল্লাহ।

লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র ২ রান বাকি থাকতে। ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। তবে তাঁর ইনিংস দলের জয় নিশ্চিত করে দিয়েছিল আগেই।

শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান তিনি। বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ব্যাটার।

বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *