সংকটাপন্ন ব্যাংকের কারণে তৈরি পোশাক খাত সংকটে

অর্থনীতি প্রচ্ছদ

খবর ৫২ ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫

দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প তীব্র সংকটে পড়েছে। পাঁচটি দুর্বল ব্যাংকের চরম আর্থিক সংকটের কারণে রপ্তানি আয় সময়মতো ফেরত না পাওয়ায় এবং নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে না পারায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। এতে করে কারখানাগুলোর নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই গভীর উদ্বেগের কথা জানান। এ সময় বিজিএমইএ-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে মাহমুদ হাসান বলেন, ‘এসব ব্যাংক তীব্র তারল্য সংকটে ভুগছে। রপ্তানি আয় এলেও তারা সময়মতো রপ্তানিকারকদের প্রাপ্য অর্থ দিতে পারছে না। নতুন এলসিও খুলতে পারছে না, যার ফলে কারখানায় আর্থিক ক্ষতি হচ্ছে। সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে না পারায় অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।’

তিনি আরও জানান, এমন পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিদেশি ক্রেতাদের আস্থা কমিয়ে দিচ্ছে।

বিজিএমইএ নেতারা সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে এবং বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারাবে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর সমস্যা সমাধানে আশ্বস্ত করে বলেন, রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং পরে একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *