খবর ৫২ ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫

রাজধানী ঢাকার বাস চলাচল ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে এবার সব বাস একটি একক কোম্পানির অধীনে পরিচালিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন ব্যবস্থা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন অসহনীয় যানজট, দুর্ঘটনা এবং ভাড়া নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। নারী, শিশু ও বয়স্কদের জন্য বাসে ওঠা-নামা এক দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে।
প্রেস উইং আরও জানায়, ঢাকার এই বিশৃঙ্খল বাস রুটগুলোই যানজটের অন্যতম প্রধান কারণ। এর ফলে প্রতি বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
এই নতুন ব্যবস্থার অধীনে সব বাস একটি নির্দিষ্ট কোম্পানির পরিচালনাধীন থাকবে। কোম্পানিগুলোকে নির্দিষ্ট রুট ও স্টপেজ কঠোরভাবে মেনে চলতে হবে। এর মাধ্যমে যানজট, ভাড়ার অনিয়ম এবং সামগ্রিক বিশৃঙ্খলা কমে আসবে। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে এবং গণপরিবহন ব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠবে।
