শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন

বাংলাদেশ

খবর ৫২ ডেস্ক:

অন্তর্বর্তী সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে তিনিই দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ, সোমবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়কে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছিল: একটি ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ’ এবং অন্যটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’। ১৯৭১ সাল থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে মোট ৩৩ জন সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করলেও, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিভক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই পদে কোনো নারী দায়িত্বে আসেননি। রেহানা পারভীন হলেন এই বিভাগের অষ্টম সচিব এবং প্রথম নারী।

উল্লেখ্য, গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *