খবর ৫২ ডেস্ক:১৭ আগস্ট ২০২৫, বিকাল ৬; ১৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ রোববার ৭ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৫ হাজার ১৭ কোটি টাকা সরকারি তহবিল থেকে, ২ হাজার ৪২৮ কোটি টাকা প্রকল্প ঋণ থেকে এবং ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।
প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং বাকি ৩টির ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়ানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আজকের একনেক সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন, বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং স্থানীয় সরকার খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- কৃষি: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন।
- বিদ্যুৎ: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকায় ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্র আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন।
- শিল্প: বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড (দ্বিতীয় সংশোধিত)।
- শিক্ষা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন।
- স্বাস্থ্য: সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (প্রথম সংশোধিত)।
- গৃহায়ন: ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি)।
- স্বরাষ্ট্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ।
এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে: ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত) এবং বান্দরবান পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পও অনুমোদিত হয়েছে।
একনেক সভায় আরও ৯টি অনুমোদিত প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে: হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপে শতভাগ টেকসই বিদ্যুতায়ন (দ্বিতীয় সংশোধিত), রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর অধীনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন (প্রথম সংশোধিত), এবং বরগুনার দুটি পৌরসভা অবকাঠামো উন্নয়ন।
এছাড়াও অবহিত করা হয়: তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত), লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত), তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (দ্বিতীয় সংশোধিত), সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত), কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় (প্রথম সংশোধিত), এবং বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা ভিত্তিক সাক্ষরতা (দ্বিতীয় সংশোধিত)।
