
আমির জাঙ্গু ও রোস্টন চেইসের রেকর্ড গড়া ব্যাটিংয়ে রানের পাহাড় পেল দল। পরে দুর্দান্ত বোলিংয়ে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন কেমার রোচ। ঝড়ো বোলিং উপহার দিলেন জেডেন সিলস, শামার জোসেফ, আলজারি জোসেফও। শ্রীলঙ্কাকেও ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্টিডা টেস্টের দ্বিতীয় ইনিংসে রোববার মাত্র ১০১ রানে গুঁটিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে ইনিংস ও ২১৭ রানের বিশাল জয় নিশ্চিত হলো ক্যারিবীয়দের।
চতুর্থ দিনে মাত্র ২৭.২ ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। রোচ বলকে ভয়ংকরভাবে সুইং করিয়ে ডানহাতি ব্যাটসম্যানদের প্যাড ও স্টাম্পে আঘাত করেন, আবার বাঁহাতিদের ব্যাটের বাইরের প্রান্তে হুমকি তৈরি করেন। তার ৩০০তম উইকেট আসে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে। সতীর্থরা উল্লাসে তাঁকে ঘিরে ধরে এবং পরে তাঁকে ‘৩০০’ লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ম্যালকম মার্শালের পর রোচই এই মাইলফলকে পৌঁছালেন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ক্লান্ত ও ব্যর্থ ছিলেন। দিনেশ চান্দিমাল একমাত্র কিছুটা প্রতিরোধ গড়ে ৬০ বলে ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রানে অপরাজিত থাকেন সোনাল দিনুশা। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। কেউ ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়েছেন, কেউ আউটসুইংয়ে ক্যাচ দিয়েছেন, আবার কেউ ভুলে বল ছেড়ে দিয়ে স্টাম্প হারিয়েছেন।
দিনের প্রথম ওভারেই নিশান মাদুশকাকে এলবিডব্লিউ করেন রোচ। পরের ওভারে নাইটওয়াচম্যান রাজিথাকে স্লিপে ক্যাচ করান সিলস। শামার জোসেফ দ্রুত দুই উইকেট নেন—কামিন্দু মেন্ডিসকে বোল্ড ও ধনঞ্জয়াকে এলবিডব্লিউ। এরপর আলজারি জোসেফ কুশল মেন্ডিসকে বোল্ড করে শ্রীলঙ্কার প্রতিরোধ ভেঙে দেন।
১ উইকেটে ১৫ রান নিয়ে দিন শুরু করে লাঞ্চের আগেই শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৮১/৬। এরপর মাত্র ৬.১ ওভারেই বাকি উইকেট পড়ে যায়। রোচ টানা দুই উইকেট নিয়ে ৩০০ পূর্ণ করেন। শেষ উইকেট তুলে নেন সিলস।
পুরো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে তারা এতটাই ভয়ংকর ছিল যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা শ্রীলঙ্কাকে একেবারে চূর্ণ করে দিয়েছে।

শেষের নায়ক রোচ হলেও জয়ের আসল নায়ক আমির। এই ম্যাচে তার খেলার কথাই ছিল না, হঠাৎ পাওয়া সুযোগে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই উপহার দেন অসাধারণ এক ডাবল সেঞ্চুরি। চেইসের সঙ্গে গড়েন ষষ্ঠ উইকেটে টেস্ট ইতিহাসে প্রথম চারশ ছোঁয়া জুটি। তাদের রেকর্ড জুটিতে বিপর্যয় কাটিয়ে ৬২৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
খারাপ সময় পেরিয়ে চেইস খেলেন ১৯৪ রানের অধিনায়কোচিত ইনিংস।
একই মাঠে আগামী শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৮
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬২৬/৯ (ডি.)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩১.২ ওভারে ১০১ (আগের দিন ১৫/১ (মাদুশকা ২, রাজিথা ৪, চান্দিমাল ৪৩, কামিন্দু মেন্ডিস ৯, ধানাঞ্জায়া ০, কুসাল মেন্ডিস ৮, দিনুশা ১২*, রাত্নায়েকে ০, আসিথা ০, কুমারা ৯; রোচ ১১-০-৫১-৪, সিলস ১০.২-৩-১৪-৩, শামার ৫-০-১৯-২, আলজারি ৫-১-১১-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৭ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০-তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: আমির জাঙ্গু
