‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় যে, জীবন আসলে কতটা ছোট’

খেলা

ফেসবুক স্ট্যাটাসে তামিম

বিকেএসপিতে চলছিল মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ। ফিল্ডিংয়ে নামার আগে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। গতকাল থেকেই তামিমকে নিয়ে উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে রাতেই জ্ঞান ফেরা তামিম এখন উন্নতির পথে। তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তামিম। এখানে হুবহু তুলে ধরা হলো—

‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বারবার ভুলে যাই।

গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *