ডাকসু ভোটে অংশগ্রহণ বাড়াতে বিশেষ সভার উদ্যোগ

বাংলাদেশ শিরোনাম

খবর ৫২ অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে বিশেষ সভা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত জানানো হবে।

শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ভোটিং প্রক্রিয়া দ্রুত ও সহজলভ্য করতে হল ও অনুষদভিত্তিক মোট চারটি সভা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, “ভোটদান পদ্ধতি সম্পর্কে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আমরা চাই না কোন শিক্ষার্থী অকারণে সময় নষ্ট করুক বা লাইনে দাঁড়িয়ে থাকুক।”

প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে তিনি স্পষ্ট করেন, “ব্যালট পেপার ছাপা হয়ে যাওয়ায় এখন প্রার্থিতা প্রত্যাহারের কোন সুযোগ নেই। তবে অনানুষ্ঠানিকভাবে কেউ চাইলে করতে পারে।”

নির্বাচনী আচরণবিধি টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী অনলাইন বুলিং সংক্রান্ত অভিযোগের কথা উল্লেখ করে বলেন, “ইতিমধ্যে একটি পেজের অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *