রাজবাড়ীতে নুরাল পাগলার আস্তানায় হামলা ও অগ্নিকাণ্ড, অর্ধশত আহত

প্রচ্ছদ বাংলাদেশ

খবর ৫২ অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫

গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর স্থানীয় ইমান-আকিদা রক্ষা কমিটির সমাবেশ থেকে একদল মানুষ এ হামলা চালায়। এতে প্রায় ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক তার বাড়িতে দরবার শরিফ প্রতিষ্ঠা করেছিলেন। গত ২৩ আগস্ট তিনি মারা যান এবং তার লাশ বিশেষ পদ্ধতিতে উঁচু করে দাফন করা হয়। এ ঘটনায় স্থানীয় ধর্মীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করার দাবি তোলেন।

ইমান-আকিদা রক্ষা কমিটির পক্ষ থেকে গত মঙ্গলবার নুরুল হকের আস্তানায় “অনৈতিক কার্যকলাপ” এর অভিযোগ আনা হয় এবং কবর সমতলসহ কয়েকটি শর্ত দেওয়া হয়। শুক্রবার জুমার পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখান থেকে একদল মানুষ শাবল, লাঠি ও হাতুড়ি নিয়ে নুরুল হকের বাড়ির দিকে অগ্রসর হয়। পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাঙচুরের চেষ্টা নিবৃত্ত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা দরবারে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নুরুল হকের লাশ কবর থেকে তুলে এনে পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে ফেলা হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিচার্জ হয়। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। দরবারটি এখন নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *