
মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইরানের হামলায় গত দুই সপ্তাহে অন্তত ১০০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইউএস-ইরান পাল্টাপাল্টি সামরিক হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির মধ্যেই এই তথ্য সামনে এলো।
পেন্টাগনের মূখ্য মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, গত ৭ জুলাই থেকে শুরু হওয়া হামলা ও সংঘাতে আনুমানিক ১০০ জন মার্কিন সামরিক কর্মী বিভিন্ন মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আহতদের ৯৬ শতাংশ সেনা ইতিমধ্যেই সুস্থ হয়ে পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। আহতদের বড় অংশই মস্তিষ্কে হালকা আঘাত বা ‘মাইনার কনকাশন’-এ ভুগছিলেন।
.
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার ঘটনার পর পেন্টাগনের অভ্যন্তরীণ তথ্য ও সেনাদের সুরক্ষার বিষয়টি মার্কিন সিনেটে তোপের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সামনে এখন এই পরিস্থিতির জবাবদিহিতা ও পরবর্তী পদক্ষেপের চ্যালেঞ্জ দাঁড়িয়েছে।
.
পেন্টাগন মুখপাত্র দাবি করেন, মার্কিন সেনাবাহিনী কোনো তথ্য গোপন করছে না এবং সেনাসদস্যদের সুরক্ষা নিশ্চিতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পাওয়ায় মার্কিন আইনপ্রণেতা ও জনগণের মধ্যে উদ্বেগ উত্তরোত্তর বাড়ছে।
