এবার দিওয়ালির পার্টি থেকে দূরে থাকছেন শাহরুখ !

বিনোদন

বলিউডের ‘কিং খান’ শাহরুখ কি এই বছর দিওয়ালি পার্টি দেবেন? এই প্রশ্ন ঘুরছিল অনুরাগী মহলে। তবে এবার জানা গেল সত্যিটা। এই বছর কোনও পার্টির আয়োজন হচ্ছে না। শাহরুখের প্রাসাদোপম বাসা মন্নাত পার্টির কেন্দ্রস্থল ছিল। কিন্তু কোভিডের পরে সে দৃষ্টান্ত বদলেছে — এবং এ বছর আরও নতুন এক কারণ রয়েছে। কারণ, মান্নাত বর্তমানে সংস্কারের কাজে বন্ধ থাকায়  শাহরুখ খান সাময়িকভাবে অন্য একটি বাসায় থাকছেন। এই অবস্থায়, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন যে, এ বছরও কোনও দিওয়ালি পার্টি হবে না। খবরটা শুনে মন খারাপ হয়েছে অসংখ্য ভক্তের, কারণ মন্নতের দিওয়ালি যেন হয়ে উঠেছিল একটা প্রথা, একটা আবেগ।

২০১৮ সালে কোভিডের আগের শেষ দিওয়ালি পার্টিতে মন্নত সেজে উঠেছিল হাজার প্রদীপ আর ফুলে, চারদিকে আলো, গানে-হাসিতে মাতোয়ারা ছিলেন অতিথিরা। সেই রাতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, শিল্পা শেট্টি, অনন্যা পাণ্ডে, রণবীর কাপুর—আরও অনেকে। ছিল হাসি, নাচ, খাবারদাবার, পানীয় আর অফুরন্ত আনন্দ। ২০২২ সালে কোভিডের কারণে আলো নিভে ছিল মন্নতের আঙিনায়। কিন্তু ২০২২ সালে আবার ফিরে আসে জৌলুস। এক অনবদ্য সন্ধ্যা, ভালোবাসা আর উষ্ণতায় ভরা, আলো আর সঙ্গীতে মিশে গিয়েছিল শাহরুখ-গৌরীর স্নেহভরা অতিথিসেবা। ২০২৪-এ মন্নত ঝলমল করেছিল দ্বিগুণ আলোয়—কারণ দিওয়ালি মিশেছিল শাহরুখের জন্মদিনের আনন্দে। প্রায় ২৫০ জন তারকা, পরিচালক, বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন সেই মহোৎসবে। তবে এ বছর সেই জৌলুসে বিরতি।

উল্লেখযোগ্যভাবে, চলচ্চিত্র মহলে আরেক দীপাবলি পার্টি, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা কাশ্যপ-এর পার্টি, এ বছর অনুষ্ঠিত হবে না। আয়ুষ্মানের ‘থামা’র দীপাবলি রিলিজ এবং তার প্রস্তুতির জটিলতার কারণেই এটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শাহরুখের মন এখন পুরোদমে কাজে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তিনি ব্যস্ত নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সুহানাকে—যা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ইতিমধ্যেই তুঙ্গে। ২০২৬-এ মুক্তি পেতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সিনেমা।

সূত্র :  টাইমস অফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *