আমি রাজনীতি বুঝি না, করিও না: অপু বিশ্বাস

বিনোদন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

আজ আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় আমার মূল কাজ। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইনের বিষয়ে আরও যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।’

এর আগে গত ১০ জুলাই অপু বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এ তথ্য উল্লেখ করে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’

এ মামলা দায়ের করা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একজন ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আরো ১৬ জন শিল্পীর নাম রয়েছে। 

তাদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এসময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনশ’-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক।

এ মামলায় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী করসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয় অপু বিশ্বাসকে।

একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। দুইদিনের মাথায় জামিন পান এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *