৬০তম জন্মদিনে চমকে দিলেন শাহরুখ

বিনোদন

অপেক্ষার পারদ চড়ছিল আগে থেকেই। বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনের সকালে গতকাল ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’র অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেলো সেই টিজার। প্রথমবার বহুচর্চিত ছবির ঝলক এলো প্রকাশ্যে। যেমন ভাবা গিয়েছিল, এই টিজার তেমনই। পুরোপুরি শাহরুখময়। এবং অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সাম্প্রতিক বলিউড ছবিতে 
দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণভাবে মিশতে দেখা যাচ্ছে। তবে, সম্ভবত ছবিতে ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই অনুমান করেছিলেন যে, ২রা নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির টিজার প্রকাশ করা হতে পারে। এর আগে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছিলেন দর্শক। ফের সেই ম্যাজিক ফিরবে পর্দায় দর্শকের প্রত্যাশা পূরণে। গতকাল ষাট বছরে পা রাখলেন কিং খান। প্রতি বছরই এই দিনটায় একঝলক তার উষ্ণ সাক্ষাৎ পেতে তার বিলাসবহুল বাংলো মান্নাতের সামনে ভিড় জমান অনুরাগীরা। কিন্তু এবার তাতে ছেদ পড়েছে। মান্নাত মেরামতের কাজ চলছে ক’দিন ধরে। তাই আলিবাগেই আপাতত থাকছেন শাহরুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *