
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকেই বিভিন্ন সময় কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ শো করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার পর্তুগালের রাজধানী লিসবন মাতাতে যাচ্ছেন এই চিত্রনায়ক। ‘বাংলা লাইভ’ নামের এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। এটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই।

এদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে প্রথমবারের মতো পারফর্ম করবেন জায়েদ খান। এ কারণে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে নায়ক বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদের দেশে পারফর্ম করতে যাচ্ছি। এজন্য অনেক উত্তেজিত আমি। লিসবনে থাকা প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। সেখানে মাতৃভূমি বাংলাদেশের সংস্কৃতি তুল ধরব। এটি ভাবতেই অনেক ভালো লাগছে।’
লিসবনের ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে কনসার্ট শুরু হবে। এতে জেমস তার কালজয়ী গান পরিবেশন করবেন। আর সঙ্গে থাকবে জায়েদ খানের পারফর্ম।
