
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৭৩ রানে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে নিজেদের একমাত্র ইনিংসে ৩৫৯ রান তোলে স্বাগতিকরা। প্রথম ইনিংসে স্রেফ ১২৭ রানে গুঁটিয়ে যাওয়া আফগানরা আজ দ্বিতীয় ইনিংসে থামে ১৫৯ রানে। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দারুণ বোলিংয়ে তিনদিনেই একমাত্র টেস্ট নিজেদের করে নিলো জিম্বাবুইয়ানরা।
১ উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানিস্তান। শুরুতেই ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। দ্রুতই সাজঘরের পথ ধরেন আফগানদের ব্যাটিংয়ের আরেক ভরসা ইব্রাহিম জাদরান (৪২)। জাদরান ও গুরবাজের ৩৩ রানের জুটির পর ২০ রানের বেশি আসে শুধু পঞ্চম উইকেটে আফসার জাজাই ও বহির শাহর জুটি (৪৯) থেকে। দলীয় শতক পার করে পরপর ফিরে যান দুজনই। ৩২ রানে বহির আউট হলে কয়েক ওভার পরেই তার পথ ধরেন জাজাই (১৬)। এরপর ইসমত আলমের পর শরফউদ্দিনের উইকেট নিয়ে ফাইফার পূরণ করেন এনগারভা। ৩৭ রানে ৫ উইকেট নিয়ে লাল বলে নিজের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন তিনি। পরে চার বলের মধ্যে খলিল গুরবাজ ও জিয়াউর রহমানের স্টাম্প ভেঙে দিয়ে দলের জয় নিশ্চিত করেন মুজারাবানি। তিনি নেন ৩ উইকেট। ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান বেন কারানের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
