
বিশ্বকাপ ফুটবলের ডামাডালে অনেকটা চুপিসারেই জিম্বাবুয়ে সফর শেষ করেছে বাংলাদেশ দল। তারপরও যারা ক্রিকেটের পাঁড় সমর্থক তারা ঠিকই খোঁজ রেখেছেন সফরে টাইগারদের হাল-হকিকত। সান্ত¦না পুরস্কার স্বরূপ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও একমাত্র টেস্ট ও নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে বাজেভাবে হার নজর এড়ায়নি কোটি ভক্তের। সমালোচনা এড়িয়ে লোকচক্ষুর আড়াল থেকে আবারও পাদপ্রদীপের আলোয় দেশের ক্রিকেট, সেটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সৌজন্যে। টেস্ট ক্রিকেটের দুই পরাশক্তিদের বিপক্ষেই যে বহুল আরাধ্য সাদা পোষাকের ম্যাচ খেলতে আতিথেয়তা নেবার অপেক্ষায় বাংলাদেশ দল। আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে নাজমুল হাসান শান্তর দল।
দুদিন আগেই দুই ম্যাচের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে তারা নিয়মিত খেলতে পারেননি। ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেনসহ অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ব্যাটসম্যানরাও আছেন দলে। দুই দলের শক্তি-সামর্থ্যরে বড় ব্যবধান আর তুলনামূলক কম আলোচিত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণাটি অনেককে চমকে দিয়েছে। ২৩ বছর পর খেলতে যাওয়া সিরিজটি সেটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। গতকাল নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজটি এ নিয়েই জানতে চাওয়া হয়েছিল শান্তর কাছে। উত্তরে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের।’ পরে কেন এটা ‘অর্জন’ ওই কারণও ব্যাখ্যা করেছেন নাজমুল, ‘যে দল দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ ওদের বিপক্ষে কত ভালো খেলতে পারি। ইতিমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দলটা নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বেশ ছন্দে থাকলেও, সবশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ভীষণ বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ; হেরে যায় ইনিংস ব্যবধানে। তার উপরে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজের আগে হাজির হয়েছে দুশ্চিন্তাও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা। আগে থেকেই চোটে ভুগতে থাকা লিটন দাসও এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার থাকাটাও অনিশ্চিত। পাশাপাশি মাঠের বাইরে আছেন পেসার শরিফুল ইসলামও। প্রতিপক্ষের মাঠে ওই হতশ্রী পারফরম্যান্স দলে অভিজ্ঞদের অনুপস্থিতির পরও, বাংলাদেশ দলকে যে অস্ট্রেলিয়া হালকাভাবে দেখছে না, সেটা তাদের পূর্ণ শক্তির দল ঘোষণাতেই প্রমাণ। এবার তাদের বিপক্ষে তার দল কেমন খেলে, সেটাও দেখার অপেক্ষায় আছেন শান্ত, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। (দেখাতে হবে) এই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব, এই টেস্ট দল নিয়ে ইতোমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ও ৩ আগস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ আগস্ট থেকে।
