প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৪:৩৬
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে দু’দলের জন্যই অলিখিত ফাইনাল। যে দল জিতবে, সে দলই সিরিজ নিজেদের করে নেবে।
এই ম্যাচে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। লঙ্কানদের মাটিতে এখনো টাইগার বাহিনী ওয়ানডে সিরিজ জেতেনি। এর আগে দুই বার ড্র হয়েছে। সেই দুইবারই বৃষ্টির কারণে ১-১ এ সমতা হয়েছিল। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জেতার সুযোগ এসেছে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।
