‘অনুভূতি বিসর্জন দিয়েছেন শিল্পী-সাহিত্যিকরা’: রিজভী

জাতীয় বাংলাদেশ শিরোনাম

খবর ৫২ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, দেশের একশ্রেণির কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পী নিজেদের অনুভূতিকে বিসর্জন দিয়ে বস্তুগত সুবিধার লোভে ফ্যাসিবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই’–এর প্রিমিয়ার শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ১৫ আগস্ট উপলক্ষে দেশের অনেক সেলিব্রেটি শোক প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। কিন্তু অভিনয়শিল্পী ও মিডিয়ার মানুষরা সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা। অথচ তারা ‘পানি লাগবে পানি’ বলে গুলিবিদ্ধ বন্ধুর জন্য ছুটে যাওয়া সেই দৃশ্যে কোনো নাড়া খাননি। তিনি অভিযোগ করেন, এসব তারকা শুধু সুবিধা পাওয়ার আশায় এমনটা করছেন।

রুহুল কবির রিজভী জুলাই আন্দোলনকে “সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ” হিসেবে উল্লেখ করেন। তার মতে, গত ১৬ বছরের গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে তরুণ সমাজের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, জুলাইয়ে তার বিস্ফোরণ ঘটেছে।

একইসঙ্গে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্রনেতা টুকুর ওপর নির্যাতনের উদাহরণ টেনে বলেন, “ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার—এটাই প্রমাণ করে তাদের মানসিকতা কতটা দমনমূলক।”

রিজভী অভিযোগ করেন, জনগণের প্রায় ২৭ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি আরও বলেন, “জনগণের টাকাকে শেখ হাসিনা দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ হলো জুলাই গণঅভ্যুত্থান।”

তিনি দাবি করেন, একটি দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে বই লেখার পুরস্কার হিসেবে একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকেও রানওয়ের পাশে ফ্ল্যাট ও মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *