টেকসই ব্যাংকের রেটিংয়ে দেশের শীর্ষস্থানে সিটি ব্যাংক

অর্থনীতি বাংলাদেশ

খবর ৫২ ডেস্ক

২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে (সাসটেইনেবিলিটি রেটিং) দেশের ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সিটি ব্যাংক। এটি নিয়ে টানা পঞ্চম বছর ব্যাংকটি শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখলো। এবারের রেটিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর অবস্থান ঘোষণা করেছে এবং এতে সিটি ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে।

গতকাল (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ. মনসুর সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিনের হাতে এই স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন্নাহারসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক দুটি প্রধান দৃষ্টিকোণ থেকে এই টেকসই রেটিং তৈরি করে:

১. ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি: এই বিভাগে ব্যাংকের মৌলিক ব্যাংকিং সূচকগুলোতে পারফরম্যান্স দেখা হয়, যেমন— মূলধন পর্যাপ্ততা, তারল্য, সম্পদের মান, লাভজনকতা, খরচ নিয়ন্ত্রণ দক্ষতা, গ্রাহক সেবা এবং সুশাসনের মান।

২. এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি: এখানে টেকসই অর্থায়ন, সবুজ অর্থায়ন এবং সামাজিক দায়বদ্ধতার নিরিখে ব্যাংকের পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগগুলোকে বিচার করা হয়।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই রেটিং কার্যত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া ‘সেরা ব্যাংক’-এরই স্বীকৃতি। তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে একটি ফিনটেক কোম্পানির মতো আচরণ করার এবং পুরো জনগোষ্ঠীকে ব্যাংকিং লাইসেন্সের আওতায় সেবা দেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি জানান, তারা সেই লক্ষ্য পূরণের পথেই এগিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *