খবর ৫২ ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরওয়ার মেঘকে অবশেষে পূর্বাচলে একটি প্লট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেঘের হাতে তিন কাঠার এই প্লটের দলিল তুলে দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে প্লটের জন্য আবেদন করেছিলেন এবং ২০০৫ সালে এটি বরাদ্দ পান। কিন্তু ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত সরকার এই প্লটটি তার পরিবারকে হস্তান্তর করেনি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক হলেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।

প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “তদন্তে এমন দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই আলোচিত হত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পেরেছে যে তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছে।
এসময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।
