৫ বিভাগের তাপমাত্রা কমার আভাস, বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ

খবর ৫২ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চললেও এবার কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

রবিবার সকাল ৯টায় প্রদত্ত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ স্থলনিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *