হামজায় হাওয়া বদল, প্রবাসীদের মিলনমেলা

খেলা

চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। বাংলাদেশের ফুটবলে এসেছে প্রাণ। হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে বেড়েছে দর্শক উন্মাদনা। প্রবাসীদের আগমনের সঙ্গে ২৩ বছর পর ফুটবলে ভারতকে হারানো ছিল ২০২৫ সালে বাংলাদেশের ফুটবলে বড় প্রাপ্তি। জামাল ভূঁইয়া-তপু বর্মণরা ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার যোগত্যা অর্জন করতে ব্যর্থ হলেও ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা হাসি ফুটিয়েছেন ফুটবলপ্রেমীদের মুখে।

মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সঙ্গে নারী জাতীয় দলের ১৮ ফুটবলারের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘটনাটি ছিল এই বছরে অন্যতম আলোচিত ইস্যু। ২০২৫ সালে বাংলাদেশের ফুটবলের নানান বিষয় সমকাল পাঠকদের জন্য তুলে ধরেছেন সাখাওয়াত হোসেন জয় 

লাল-সবুজের হামজা: প্রথমে হামজা চৌধুরীর নিজের ইচ্ছা প্রকাশ। অতঃপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে যান লিস্টার সিটির এ তারকা। তারপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সর্বশেষ ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলে ডিসেম্বরই লাল-সবুজের হয়ে যান হামজা চৌধুরী। মূলত তাঁর মা রাফিয়া চৌধুরীর বাড়ি হবিগঞ্জের বাহুবলে। মায়ের পৈতৃক নিবাসের সূত্র ধরেই বাংলাদেশি হয়ে খেলার অনুমতি মেলে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা হামজার।

জাতীয় দলের জার্সিতে অনুশীলনে হামজা। তার পথ ধরে লাল-সবুজের টানে বাংলাদেশে এসে শমিত সোম, জায়ানরা। ছবি: ফাইল

জাতীয় দলের জার্সিতে অনুশীলনে হামজা। তার পথ ধরে লাল-সবুজের টানে বাংলাদেশে এসে শমিত সোম, জায়ানরা। ছবি: ফাইলআনুষ্ঠানিকভাবে লাল-সবুজের জার্সিতে খেলার অনুমতি পাওয়ার পর গত মার্চে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। সিলেট এবং হবিগঞ্জে তাঁর নানার বাড়িতে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। বাইরের সব আনুষ্ঠানিকতার পর হামজা প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০২৫ সালের ২৫ মার্চ। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে এ ডিফেন্সিভ মিডফিল্ডার দেখিয়েছেন তাঁর পায়ের জাদু।

ঢাকার মাঠে তাঁর অভিষেক হয়েছিল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে। সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল পেয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৪ গোল করেছেন হামজা।

প্রবাসীদের মিলনমেলা: ২০১৩ সালে এসেছেন জামাল ভূঁইয়া। দীর্ঘদিন ধরে তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম প্রবাসী ফুটবলার। ডেনমার্কপ্রবাসী এ মিডফিল্ডারের পর লাল-সবুজের জার্সিতে নাম লেখান ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজি। এ দুই ফুটবলারের পর কয়েক বছর প্রবাসী ফুটবলার নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

তবে ২০২৫ সালে শুধু হামজা চৌধুরীই একা নন আরও বেশ কয়েকজন প্রবাসীর দেখা মেলে। কানাডাপ্রবাসী শমিত সোম, ইতালির ফাহমিদুল ইসলাম, ইংল্যান্ডের কিউবা মিচেল, যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদের লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ২০২৫ সালে।

বাংলাদেশের জার্সিতে হামজার গোল উদযাপন। ছবি: ফাইল

বাংলাদেশের জার্সিতে হামজার গোল উদযাপন। ছবি: ফাইল২২ বছর পর ভারত জয়: ফুটবলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত। দুই দশকেরও বেশি সময় ধরে তাদের হারাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে গত ১৮ নভেম্বর শেখ মোরসালিনের গোলে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজের দলটি। তাতে অবসান হয় ২২ বছরের। এর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় এসেছিল ২০০৩ সালে।

ব্যর্থতার সঙ্গে সমালোচিত ক্যাবেরেরা: হামজা চৌধুরী-শমিত সোমদের মতো তারকাকে নিয়ে বাংলাদেশের ফুটবল দল ছিল অনেক শক্তিশালী। তাই ১৯৮০ সালের পর প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছিল সবাই। বড় নামের ফুটবলারদের নিয়েও বাংলাদেশ পারেনি ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে। পাঁচ ম্যাচে ১ জয়, দুই ড্র এবং সমান হারে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করেন জামাল ভূঁইয়ারা। দল এশিয়াডে কোয়ালিফাই করতে না পারায় সমালোচিত হন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার ডাগ আউটে দাঁড়ানো ক্যাবরেরার একাদশ নির্বাচন এবং খেলার কৌশল নিয়ে অনেক সমালোচনা হয়েছে। চুক্তি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকলেও সম্ভবত গত নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচটিই বাংলাদেশের হয়ে ক্যাবরেরার শেষ ম্যাচ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *