সেনবাগে যুবকের আত্মহত্যা, বিশ্বকাপে আর্জেন্টিনার হার নাকি স্ত্রীর সাথে অভিমান

বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নাকি স্ত্রীর সাথে অবিমান করে রায়হান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সোমবার (২০ জুলাই) ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।

.

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহননকারী রায়হান রাতে মহল্লার বন্ধু-বান্ধবদের সাথে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে। খেলায় আর্জেন্টিনা হেরে গেলে বিষন্নমনে বাড়িতে ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। এক পর্যায়ে অভিমান করে রায়হান নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

.

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার সোমবার বিকেলে ইনকিলাবকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *