বিশ্বকাপ ফাইনাল শেষে দুই ভাইকে কুপিয়ে জখম

বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের পর আর্জেন্টিনার পরাজয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দের প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৪টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় আহত দুই ভাই হলেন আলী আজম (৩০) ও আলী মোস্তাফা (২৮)। তারা রাউজান সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের জালাল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা উপভোগ করেন স্থানীয় ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকেরা তিনটি মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ তৈরি করে উল্লাস করছিল। পাশে হাসপাতাল থাকায় এর প্রতিবাদ জানান আলী মোস্তাফা। এ সময় অভিযুক্তরা তাকে বেধড়ক মারতে থাকে।

এভাবে মারতে দেখে মোবাইলের ক্যামেরা চালু করে যুবককে রক্ষা করতে যান আলী আজম। পরে তিনি জানতে পারেন মারধরের শিকার ওই যুবক তার আপন ভাই। তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় একটি দোকান থেকে দা-বটি এনে তাকেও একের পর এক আঘাত করা হয়। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে পালিয়ে যান অজ্ঞাতনামা ওই যুবকরা। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

ভুক্তভোগী আলী আজম বলেন, ‘খেলার পর আমার ভাই কয়েল আনতে দোকানে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মতরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। যখন মারধর করছিল তখন আমি জানতাম না আমার ভাই। আমি রক্ষা করতে গিয়ে দেখি আমার ভাই, তাকে উদ্ধার করতে গেলে আমাকে কোপানো হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে বিস্তারিত জানাতে পারব না। কারণ আমি শহরে চলে আসছি। জরুরী বিভাগে যোগাযোগ করুন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল সাউন্ড নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় আসলে মামলা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *