
অনলাইন ডেস্ক | ঢাকা
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি আজ ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীদের একজন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং অসুস্থ অবস্থায়ও চিকিৎসা বঞ্চনাসহ নানা নির্যাতনের শিকার হন। তবুও নীতির প্রশ্নে আপস না করে তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে অবস্থান ধরে রাখেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
