
গত অক্টোবরের প্রথম দিকে বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সে সময় ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে কবে, কোথায় বিয়ের অনুষ্ঠান হবে-তা তখন জানা যায়নি। এবার জানা গেল দুই তারকার বিয়ের দিনক্ষণ।
বিজয়-রাশমিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে বসবে এই তারকা জুটির বিয়ের আসর।
সূত্রটি আরও জানায়, বাগদানের মতোই ঘরোয়া পরিসরে হবে বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের পরিকল্পনা করেছেন বিজয় ও রাশমিকা। হায়দরাবাদে ফিরে চলচ্চিত্রাঙ্গনের বন্ধু ও সহকর্মীদের নিয়ে আলাদা কোনো সংবর্ধনার আয়োজন করবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: ফেসবুকগত ৩ অক্টোবর বাগদান সম্পন্ন হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি বিজয় ও রাশমিকা। তবে বিজয়ের টিম তখন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিল। সে সময়ই জানানো হয়েছিল, ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রসঙ্গত, ২০১৮ সালের হিট সিনেমা ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই এই তারকা জুটি ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পায়। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে চার হাত এক হতে চলেছে তাদের। সূত্র: হিন্দুস্থান টাইমস
