সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো

জাতীয় শিরোনাম

সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ১২ই নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) সারা বাংলাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ২০২৫ সালের ১২ই নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। এর কয়েকদিন পর ৩০শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *