
অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ রোধ এবং ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে অবিলম্বে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মাজিদ তারেক এবং প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী এ সময় দাবি আদায়ে জনমত ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনটির পেশ করা ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো—বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সকল সরকারি হাসপাতালে হসপিটাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করা। এছাড়া হসপিটাল ও ক্লিনিক্যাল ফার্মেসি কার্যক্রমের মানোন্নয়নে একটি স্বতন্ত্র ‘ফার্মেসি পরিদপ্তর’ গঠন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের ফার্মেসি শিক্ষা কার্যক্রমকে ‘ফার্ম ডি’ প্রোগ্রামে রূপান্তর এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে ‘ফার্মাসিস্ট’ ও ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট’ পদবির সুনির্দিষ্ট ব্যবহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ সুপার পদে শুধু গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এবং রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের অবৈধ প্র্যাকটিস বন্ধের আহ্বান জানায় সংগঠনটি।
ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি ১০ হাজার মানুষের জন্য অন্তত একজন ফার্মাসিস্ট প্রয়োজন। উন্নত বিশ্বে প্রতি ২০ শয্যার বিপরীতে একজন ফার্মাসিস্ট নিয়োগ একটি স্বীকৃত নিয়ম হলেও বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কোনো পদ নেই, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর জানান, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ওষুধের পারস্পরিক ক্রিয়ার ঝুঁকি কমাতে হাসপাতালভিত্তিক ফার্মাসিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেতৃত্বে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও রোগীকেন্দ্রিক করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।
