সরকারি সব প্রশিক্ষণ কেন্দ্রের র‌্যাংকিং চালুর নির্দেশঃড. মুহাম্মদ ইউনূস

জাতীয় প্রচ্ছদ

খবর ৫২ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকারি সব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম মূল্যায়ন ও র‌্যাংকিং করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মান, প্রশিক্ষণের ধরন ও গুণগত মান নির্ধারণ করে ক্যাটাগরিভিত্তিক র‌্যাংকিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।”

বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ:

  • ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস করা হবে। এর মধ্যে ৩ মাস প্রতিষ্ঠানে ও ১ মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি কর্মসূচি বাস্তবায়িত হবে।
  • কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ বছর নির্ধারণ করা হবে।
  • পিএইচডি কোর্সে অধ্যয়নরত কর্মকর্তাদের তত্ত্বাবধায়কের অগ্রগতি প্রত্যয়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে, অন্যথায় বেতন বন্ধ রাখার বিধান করা হবে।
  • “সঞ্জীবনী প্রশিক্ষণ”-এর নাম পরিবর্তন করে “দক্ষতা নবায়ন প্রশিক্ষণ” নামকরণ করা হবে।

প্রধান উপদেষ্টা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নের জন্যও একটি স্বাধীন ইউনিট গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, “গবেষণা প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে, সরকারি কর্মকর্তাদের বিদেশি প্রশিক্ষণের ডেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে – তা পদ্ধতিগতভাবে মূল্যায়ন করতে হবে।”

সভায় কর্মচারীদের নৈতিকতা ও সততা বিকাশে প্রশিক্ষণ কারিকুলামে সদ্গুণ, আচরণবিধি ও দুর্নীতিবিরোধী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন ও গবেষণার জন্য একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়, যার সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *