শুনানিতে মারামারির ঘটনায় ইসির জিডি

জাতীয়

খবর ৫২

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে মারামারির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘটনায় কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, “শুনানিতে মারামারির পর আমরা পুলিশকে জানিয়েছি। ইসির পক্ষ থেকে জিডি করতে বলা হয়েছে। এটি কারও আবেদনের প্রেক্ষিতে নয়, আমরা নিজেরাই শেরেবাংলা নগর থানায় জিডি করেছি।”

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান, গত ২৪ আগস্ট অনুষ্ঠিত সীমানা নির্ধারণের শুনানিতে মারামারির ঘটনা ঘটে। এরপর কমিশনের অনুমোদনে শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়। জিডিতে সুনির্দিষ্টভাবে কারও নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি।

বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ

গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণের দাবিতে শুনানির একপর্যায়ে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং মারামারির ঘটনা ঘটে। এরপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পর বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, তাকে ধাক্কা দেওয়া হলে তার সমর্থকরাও উত্তেজিত হয়ে পড়েন। তিনি নিজ দলের নেতাকর্মীদের হাতে ধাক্কা খাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন।

অন্যদিকে, এনসিপি-র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন যে, ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সমর্থকদের হাতে তিনি হামলার শিকার হয়েছেন। আতাউল্লাহ ওইদিন সংবাদ সম্মেলন করে বলেন, এই ঘটনার বিচার না হলে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। পরে তিনি ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর একটি লিখিত অভিযোগও জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *