বিএনপি নেতা ফজলুর রহমান মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসহীন: সাংবাদিক মাসুদ কামাল

প্রচ্ছদ বাংলাদেশ

খবর ৫২

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল দাবি করেছেন যে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসহীন। মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, “গত ১৫ বছর ধরে ‘বিএনপি স্বাধীনতাবিরোধী’—আওয়ামী লীগের এই বয়ানের বিপরীতে বিএনপির মুক্তিযুদ্ধের স্বপক্ষের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” তিনি জানান, ব্যক্তিগত আলাপচারিতায় তিনি ফজলুর রহমানের মধ্যে এই দৃঢ়তা লক্ষ্য করেছেন। তার মতে, ফজলুর রহমান তার জীবনে অন্যান্য বিষয়ে হয়তো আপস করেছেন বা করবেন, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি বিন্দুমাত্র ছাড় দেননি।

বৈষম্যবিরোধী আন্দোলন ও ফজলুর রহমানের প্রতিক্রিয়া

মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে বলেন, ফজলুর রহমান সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সারজিস আলম বলেছিলেন, ‘ইসলামী ছাত্রশিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড।’ একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এই বক্তব্য মানতে রাজি হননি। তার মতে, গত ১৫ বছর ধরে বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারবিরোধী মনোভাবের বীজ বপন করেছিল, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত রূপ নেয়। এই প্রেক্ষাপটে সারজিস আলমের মন্তব্য একজন মুক্তিযোদ্ধার কাছে অপ্রত্যাশিত ছিল।

একাত্তর ও জামায়াতের অবস্থান

মাসুদ কামাল আরও উল্লেখ করেন যে ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী, ‘৭১-এর পরাজিত শক্তি জামায়াত-শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে যে তারাই আন্দোলনের ভ্যানগার্ড।’ ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত-শিবির ‘৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ‘১৯৪৭ সালকে প্রথম স্বাধীনতা’ এবং ‘২০১৪ সালকে দ্বিতীয় স্বাধীনতা’ বলে দাবি করছে, আর ১৯৭১ সালকে ‘ভাইয়ে-ভাইয়ে ঝগড়া’ হিসেবে বর্ণনা করছে।

ফজলুর রহমান তার লিখিত জবাবে বলেন, “আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই অপশক্তির বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব মনে করি।” তিনি স্বীকার করেন যে দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়ার কারণে দু-একটি ভুল-ত্রুটি থাকতে পারে, কারণ তিনি একজন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *