
অনেকটা সময় অপেক্ষা করতে হবে ফিল সিমন্সকে। হতে পারে তিন দিন। লেগে যেতে পারে চার, পাঁচ কিংবা ছয় দিনও। জীবনের ৬২ বছরে পা দেওয়া বাংলাদেশ দলের কোচ আজ বিশেষ এক উপহার চেয়ে বসেছেন। নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের কাছে তার চাওয়া সিলেট টেস্টে জয়। ওটা আসলেই পেয়ে যাবেন সেরা উপহার।
ক্যারিবিয়ান কিংবদন্তির ৬২তম জন্মদিন কাটছে ব্যস্ততায়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সকালে মুশফিক-মুমিনুলদের নিয়ে ছিলেন ব্যস্ত। অনুশীলন করিয়েছেন। এরপর এসেছেন সংবাদ সম্মেলনে। সেখানেই সাংবাদিকরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
টাইগারদের প্রধান কোচ ‘বিশেষ’ এক উপহারও চেয়ে বসেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
চার মাসের বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রস্তুতিতে তাই ঘাটতি রাখেননি। শান্ত ব্রিগেডদের অনুশীলন নিয়ে স্বস্তি জানিয়েছেন কোচ। তবে এখনই আকাশে উড়তে চান না, পা রাখতে চান মাটিতে। সিমন্সের চাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ধরে ধরে এগোবেন।
শান্তদের বস বলেছেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
সফরে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথমটি লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেটে। লাল বলের লড়াই শুরু হবে একদিন পর, অর্থাৎ ২০ তারিখে। পরের ম্যাচটি ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। জন্মদিনে আজ সিমন্স চেয়েছেন সিলেট টেস্টে জয়। বৃষ্টির বাগড়া থাকা এই মৌসুমে ম্যাচটি যদি তিনদিনেও শেষ হয়, তবুও ক্যারিবিয়ান কোচকে উপহারের জন্য অপেক্ষা করতে হবে চারদিন। অপেক্ষা আরও বাড়তে পারে। শান্তরা এবার কোচকে নিরাশ না করলেই হয়!
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
