মেসির বার্সা ছাড়ার কারণ জানালেন ক্লাবটির সাবেক সহ-সভাপতি

খেলা

অনেকের ধারণা ছিল লিওনেল মেসি হয়তো বার্সেলোনার জার্সিতেই অবসর নেবেন। কিন্তু ২০২১ সালে অশ্রুশিক্ত নয়নে কাতালান ক্লাব ছেড়ে যান আর্জেন্টাইন মহানায়ক। প্রায় চার বছর পর মেসির বার্সার ছাড়ার কারণ জানালেন ক্লাবটির সাবেক সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপরে রাগ করেই আর্জেন্টাইন কিংবদন্তি ক্লাব ছেড়েছেন বলে দাবি করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের একটি গণমাধ্যমে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জর্ডি।

‘আমি জানি এবং তৃতীয় পক্ষের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়েছি। যেভাবে তার (মেসির) বিদায় হয়েছিল, সেটি তার পরিবারের জন্য ছিল অসম্মানজনক। মেসি আমাদের জন্য যা করেছেন, সেটার তুলনায় আমরা তার জন্য কিছুই করতে পারিনি। শুধু মাঠে নয়, অর্থনৈতিক দিক থেকেও তিনি ক্লাবকে অসাধারণভাবে সমৃদ্ধ করেছেন। সবচেয়ে বড় সমস্যা হত মেসিকে ছাড়া ট্যুরে এবং পার্থক্য দেখা যেত মেসিসহ ট্যুরের মধ্যেই।’

‘লাপোর্তা তাকে নতুন চুক্তির আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। এ কারণে মেসি ও তার পরিবার লাপোর্তার ওপর রাগান্বিত হয়েছিল। মেসি এমন একজন খেলোয়াড়, যার সাথে খেলার জন্য অনেকই বার্সার হয়ে খেলতে চায়।’

আর্থিক জটিলতায় নেইমারের বার্সা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার বিষয়েও কথা বলেন জর্ডি। তার দাবি, মেসি চেয়েছিলেন নেইমারকে দলে রাখতে।

‘মেসি সরাসরি আমাকে বলেছিল, সে নেইমারকে দলে চায়। সে জানত নেইমার তার মাঠের সঠিক সঙ্গী। কিন্তু নেইমারের বিদায় সম্পর্কে সে কিছুই জানত না, এমনকি সে সময় বার্সেলোনা দলের কেউই জানত না। মেসির বিয়েতে একসঙ্গে টেবিলে বসেও সে কিছু বলেনি। নেইমারকে তিনি দলে চেয়েও তিনি তা পাননি।’

বার্সা ছেড়ে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন মেসি। সেখানে দুই বছর কাটিয়ে এখন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবল। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমেও রেকর্ড সংখ্যক গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। জাতীয় দল আর্জেন্টিনাকে সবার আগে তুলেছেন ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *