মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমবাজার

প্রচ্ছদ শিরোনাম

মরিশাসে বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুই দেশ। এ লক্ষ্যে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে সোমবার (৮ জুন) জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৈঠকে মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার ফল হিসেবে দ্রুত সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়।

মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তার দেশ আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

এছাড়া মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাস সরকারের প্রতি শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর জন্য এমওইউ স্বাক্ষরে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ শুধু টেক্সটাইল নয়, ডাক্তার, প্রকৌশলী, নার্স ও একাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি পাঠাতে আগ্রহী।

এ সময় তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *