ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ, মোদির নিন্দা

প্রচ্ছদ শিরোনাম

খবর৫২সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ভারতের সুপ্রিম কোর্টে এক অভূতপূর্ব ঘটনায় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে মোদি সন্ধ্যায় প্রধান বিচারপতির সাথে সরাসরি কথা বলেন।

বেলা সাড়ে এগারোটার দিকে সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালত কক্ষে শুনানি চলাকালে ৭১ বছর বয়সী রাকেশ কিশোর নামের এক আইনজীবী হঠাৎ করেই তার স্পোর্টস জুতা খুলে প্রধান বিচারপতির দিকে ছুড়ে মারেন। যদিও জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি এবং নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে আইনজীবীটিকে গ্রেপ্তার করে।

প্রধানমন্ত্রী মোদি এক্স-পোস্টে তার প্রতিক্রিয়ায় লেখেন, “প্রধান বিচারপতি গাভাইয়ের সাথে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার ওপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনো স্থান নেই। এটি সম্পূর্ণরূপে নিন্দার যোগ্য।”

অন্যদিকে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও প্রধান বিচারপতি গাভাই অভূতপূর্ণ ধৈর্য প্রদর্শন করেন। তিনি বলেন, “আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরনের ঘটনায় আক্রান্ত হব।” এরপর তিনি নিয়মিত বিচারিক কার্যক্রম চালিয়ে যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন বলেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। রাকেশ কিশোর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।


সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। খবর৫২-এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *