চরমোনাই পীরের হুঁশিয়ারি: বিএনপি একক ক্ষমতায় এলে বাড়বে চাঁদাবাজি-গুন্ডাতন্ত্র

বাংলাদেশ

খবর৫২সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সুনামগঞ্জে এক গণসমাবেশে বলেছেন, বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে তবে দেশে চাঁদাবাজি, গুন্ডাতন্ত্র ও টাকা পাচার আরও বাড়বে। তিনি সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন।

চরমোনাই পীর তার বক্তব্যে বলেন, “বিএনপি একা ক্ষমতায় গেলে বাইপাস দিয়ে আওয়ামী লীগ ও ভারত ঢুকবে। তখন আরেকটি প্রতারক জোট জনগণের ঘাড়ে চেপে বসবে।” তিনি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, “৩০-৩৫ শতাংশ ভোটে সরকার গঠিত হলেও ৬০-৬৫ শতাংশ ভোট অপচয় হয়। আমরা চাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, যাতে প্রতিটি ভোটের মূল্য থাকে। এতে দেশ ফ্যাসিবাদী শাসন ও চাঁদাবাজ মুক্ত হবে।”

তিনি নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তার চাঁদাবাজি রোধ করতে গিয়ে মার খাওয়ার উদাহরণ টেনে বলেন, “দৃশ্যমান বিচার বা সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে। চাঁদাবাজি বাড়বে, আরও মায়ের কোল খালি হবে।”

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে যুক্তি দেখিয়ে চরমোনাই পীর বলেন, “পৃথিবীর ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে। যারা বলে ‘পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়’, তারা দেশের রাজনীতি নষ্ট করছে। জনগণ ইসলামের পক্ষে একটি শক্তি চায়—আমরা সেই লক্ষ্যে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করছি।”


সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। খবর৫২-এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *