বেলজিয়াম মাতাবেন দেশের তারকারা

বিনোদন

বেলজিয়াম মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা। বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে ২৯শে জুন মে হতে যাচ্ছে ‘বৈশাখী মেগা কনসার্ট-১৪৩২’। কনসার্টটি অনুষ্ঠিত হবে লিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে। আর বাংলাদেশ থেকে সংগীতশিল্পীদের মধ্যে এ আয়োজনে মাতাবেন- সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। অনুষ্ঠানে আরও অংশ নেবেন- চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এটি উপস্থাপনা করবেন হাল সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। মিউজিশিয়ানদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন- মিঠু চৌধুরী, রাজীব আহমেদ ও সেলিম উজ্জামান। উৎসবে আরও থাকছে- বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে। বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক তপন রায় বলেন, এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিয়েজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এই চতুর্থ ইউরোপীয় সফরের। বেলগো বাংলার সাংগঠনিক সম্পাদক চয়ন রায় বলেন, এই উৎসব কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং ইউরোপে বসবাসরত যেকোনো সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *